
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল মজিদ ফটোর বাসায় একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় অবস্থিত সাবেক নেতার বাসায় এই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আওয়ামী লীগ নেতার ছোট ভাই ও তার ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে জানালার গ্রিল কেটে ৬জন ডাকাত প্রয়াত আওয়ামী লীগ নেতার ছোট ভাই আব্দুল হামিদের ফ্ল্যাটে প্রবেশ করে ডাকাতরা পিস্তল ঠেকিয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ফেলে। ডাকাতরা লোহার রড দিয়ে প্রথমে আব্দুল হামিদের মাথায় আঘাত করে। পরে, ডাকাতরা সোয়া ভরি স্বর্ণ, এক লাখ ১৩ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, ডাকাতির ঘটনার বিষয়ে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে একটি চৌকস টিম এবিষয়ে কাজ করছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.