কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছোট্ট মেয়ে সিদরাতুল জান্নাত আর নেই। মাত্র ১০ বছর বয়সেই ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে জীবনযুদ্ধ থামিয়ে দিয়েছে সে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে জানাজা শেষে নিজ এলাকার আশ্রয়ণ প্রকল্পের পাশে তাকে দাফন করা হয়েছে।
সিদরাতুলের বাবা শানত কবির কক্সবাজার শহরের একটি হোটেলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। মা আজিজা বেগম গৃহিণী। চার সন্তানের মধ্যে সিদরাতুল ছিল একমাত্র মেয়ে। অসুস্থতার পর থেকেই দিশেহারা হয়ে পড়েন তার মা–বাবা।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার মস্তিষ্কে টিউমার। চিকিৎসকেরা অস্ত্রোপচারের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন বলে জানান। আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে দেশ-বিদেশের অনেকেই এগিয়ে আসেন। প্রায় আট লাখ টাকা সংগ্রহ করে গত ৫ এপ্রিল তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।
সিদরাতুল কচ্ছপিয়ার একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। পড়াশোনায় আগ্রহী এই শিশুর স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়া। অসুস্থতার মধ্যেও সে বারবার সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফেরার কথা বলত।
তার বড় ভাই মোহাম্মদ ইজাজ বলেন, “প্রতিদিন ব্যাগ কাঁধে নিয়ে মাদ্রাসায় যাওয়ার সেই দৃশ্য এখন শুধু স্মৃতি। সে সব সময় বলত, বড় হয়ে ভালো শিক্ষক হবে।”
মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। আশ্রয়ণ প্রকল্পের পাশেই সিদরাতুলের কবর—সেই বাস্তবতা এখনও মেনে নিতে পারছেন না তারা। ছোট্ট এই জীবনের অসমাপ্ত স্বপ্ন আর স্মৃতিই এখন পরিবারের একমাত্র সান্ত্বনা।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.