
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তবে ঐতিহাসিক এই অনুষ্ঠানে রাজনৈতিক বার্তার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। বিশেষ করে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান–এর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম–এ আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা চন্দ্রশেখর। তবে অনুষ্ঠানে দেখা যায়নি তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম কিংবা দুই সন্তান সঞ্জয় ও দিব্যা সাশাকে।
অন্যদিকে, অনুষ্ঠানের সামনের সারিতে বিজয়ের মায়ের পাশেই বসে থাকতে দেখা যায় তৃষা কৃষ্ণানকে। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় আসে বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি কেউই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিজয়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে পরিবারের অনুপস্থিতি কি শুধুই কাকতালীয়? কেউ কেউ এটিকে ব্যক্তিগত দূরত্বের ইঙ্গিত বলেও মন্তব্য করছেন। আবার অনেক ভক্তের মতে, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা নিয়ে অতিরিক্ত জল্পনা অনুচিত।
এদিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছে, প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের পর বিজয় ও সংগীতার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এ বিষয়ে বিজয় বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, নতুন রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া বিতর্ক কীভাবে সামাল দেন এই জনপ্রিয় তারকা।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.