
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র মহররম উপলক্ষে আশুরার মাতমে অংশ নিতে গিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকার একটি ইমামবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররম উপলক্ষে কাসেদ দলের সঙ্গে বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতমে অংশ নিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে কাসেদ দলের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বাবু শেখের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.