
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা, কার্যকর তদারকি এবং সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি চালু, শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তারা শিক্ষা খাতের বাস্তব চ্যালেঞ্জ, অবকাঠামোগত প্রয়োজন, শিক্ষক সংকট, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, "মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি দক্ষ ও মানবিক জাতি গঠন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে প্রয়োজনীয় সংস্কার, আধুনিকায়ন এবং কার্যকর তদারকি অব্যাহত থাকবে।"
পরিদর্শন শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাদারিত্ব এবং জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের শিক্ষা খাতকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.