
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুরান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মোহাম্মদ রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া ও দেড় বছর বয়সী মেয়ে শাফা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত ছোট বোন শাফা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। বোনকে পানিতে হাবুডুবু খেতে দেখে বড় ভাই রিবান তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুর্ভাগ্যক্রমে দুজনই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় শিশুদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তাদের ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। এক সঙ্গে দুই সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রুবেল মিয়া ও তার স্ত্রী।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.