
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নুর আলম (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিরা অভিযান শুরু করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নুর আলম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুর আলম কয়েকজন বন্ধুর সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে যেতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে টেনে ধরে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের কারণে তাকে পানির ওপর তুলে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে নুর আলম পানিতে তলিয়ে যায়।
পরে সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে জানানো হয়।
খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীর স্রোত উপেক্ষা করে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, দীর্ঘ সময় ধরে শিশুটির সন্ধান না মেলায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশু নুর আলমের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.