
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলার সময় নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত অদ্রি বর্মন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ বর্মনের মেয়ে। সে স্থানীয় কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা সুভাষ বর্মন ইতিপূর্বে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন এবং বর্তমানে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়া এলাকার ভাড়া বাসার তিনতলার ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাদে খেলার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তাদের প্রতিষ্ঠানের এই শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
অন্যদিকে, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাটির বিষয়ে তিনি এখনো অবগত নন এবং থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
মাত্র নয় বছর বয়সী অদ্রির এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.