

কামাল হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ শফিকুর রশিদ টিটু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ শফিকুর রশিদ টিটু উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার মৃত ওমর আলী মোল্লার ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ওমর আলী মোল্লা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোহাম্মদ শফিকুর রশিদ টিটুকে গ্রেপ্তার করে। এরপর তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই মামলায় ১৯ ফেব্রুয়ারি রাতে উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছাঃ নাজমা বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.