
মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রাম (রফিকনগর) এলাকায় অবস্থিত ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদ-এর জন্মভিটায় নির্মিত স্মৃতি জাদুঘর ও শহীদ মিনারে দিনভর শ্রদ্ধাঞ্জলি জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে জাদুঘরের উপস্থাপনায় ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস না থাকায় দর্শনার্থীদের মাঝে দেখা দিয়েছে আক্ষেপ; উঠেছে দেয়ালচিত্র বা মুর্যাল নির্মাণের জোরালো দাবি।
শনিবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার, পুলিশ সুপার মো. সারওয়ার আলম বিপিএম, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
তবে স্থানীয়দের মতে, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবারের আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন ছিল কিছুটা সীমিত। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী একুশের মেলাতেও তেমন বিনোদনমূলক আয়োজন চোখে পড়েনি, যা দর্শনার্থীদের হতাশ করেছে।
ইতিহাসের গৌরবময় অধ্যায়:
১৯২৬ সালের ৩০ অক্টোবর পারিল গ্রামে জন্মগ্রহণ করেন রফিক উদ্দিন আহমদ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। পরে রাত ৯টার দিকে তাঁর ভগ্নিপতি মোবারক আলী খান মরদেহ শনাক্ত করেন এবং রাত ৩টার দিকে আজিমপুর কবরস্থান-এ দাফন সম্পন্ন হয়। তবে কবরস্থানের সংরক্ষণ না থাকায় আজও তাঁর সুনির্দিষ্ট কবর চিহ্নিত করা সম্ভব হয়নি। অনেকের মতে, তিনিই ভাষা আন্দোলনের প্রথম শহীদ।
শহীদের স্মৃতি সংরক্ষণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে জন্মভিটার পাশে নির্মিত হয় ‘ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। ২০০৮ সালের ১৫ মে জাদুঘরটির উদ্বোধন করেন আনিসুজ্জামান। জাদুঘরে শহীদের ছবি, সংক্ষিপ্ত জীবনী, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক বই, তাঁর ব্যবহৃত চেয়ার-টেবিল, লুঙ্গি ও পাঞ্জাবি সংরক্ষিত রয়েছে। ২০১৬ সালে বাড়ির আঙিনায় নির্মিত হয় একটি শহীদ মিনার
দর্শনার্থীদের প্রত্যাশা :
জাদুঘর ঘুরে দেখা শিক্ষার্থীরা জানান, ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহের পর্যাপ্ত দলিল, তথ্যচিত্র বা ব্যাখ্যামূলক উপস্থাপনার অভাব রয়েছে। বিশেষ করে ২১ ফেব্রুয়ারির মিছিল, গুলিবিদ্ধ হওয়ার মুহূর্ত কিংবা হাসপাতালে নেওয়ার দৃশ্য নিয়ে কোনো দেয়ালচিত্র বা মুর্যাল না থাকায় ইতিহাসের আবেগ ও আত্মত্যাগের গভীরতা পুরোপুরি ফুটে ওঠে না।
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সামিউল ইসলাম এবং সিংগাইরের বাইমাইল কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসান ও নাঈম বলেন, শহীদ মিনারের পাশে ভাষা আন্দোলনের ঘটনাপ্রবাহ তুলে ধরে একটি মুর্যাল নির্মাণ করা হলে নতুন প্রজন্ম ইতিহাসকে আরও জীবন্তভাবে উপলব্ধি করতে পারবে। তাঁদের মতে, গুলিবিদ্ধ হওয়ার ঐতিহাসিক মুহূর্তের দৃশ্যমান উপস্থাপনা ইতিহাস শিক্ষাকে আরও অর্থবহ করে তুলবে।
শহীদের ভাতিজা শাহজালাল বাবু ও গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ফরহাদ খান প্যারিস জাদুঘর সমৃদ্ধ করতে শহীদের শিক্ষাগত সনদ, একুশে পদকের অনুলিপি এবং তথ্যভিত্তিক উপস্থাপনা সংযোজনের দাবি জানান।
প্রশাসনের আশ্বাস:
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ভাষাশহীদ রফিকের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার জাদুঘরের রক্ষণাবেক্ষণ জোরদার ও শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির আশ্বাস দেন।
ভাষা আন্দোলনের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত ও হৃদয়স্পর্শী করে তুলতে জাদুঘরে মুর্যাল ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা সংযোজন এখন সময়ের দাবি—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
প্রকাশকঃ তৌহিদুর রহমান তুহিন, সম্পাদকঃ লিটন চক্রবর্তী, বার্তা সম্পাদকঃ সুমন বিশ্বাস।
www.rajbariexpress.com, E-mail: info@rajbariexpress.com, WhatsApp: 01794-342424
Copyright © 2026 Rajbari Express. All rights reserved.