রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় সন্ত্রাসীদের গুলিতে নিহত পিয়ারুল সরদার ওরফে পিয়ারুল ইসলাম হত্যা মামলায় মো. সুমন মণ্ডল (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার সুমন মণ্ডল রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার আব্দুল কাদের মণ্ডল মিয়ার ছেলে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, পিয়ারুল হত্যা মামলায় সুমন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
এর আগে রোববার বিকেলে নিহত পিয়ারুলের স্ত্রী ফারজানা হক অজ্ঞাতনামা চারজনকে আসামি করে রাজবাড়ী থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় পিয়ারুল সরদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।
পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ ১৩টি মামলা ছিল। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।