পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে সর্বস্তরের মানুষ। অভিযুক্ত মোবারক হোসেনকে (২৬) দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা এক ঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে মুলাডুলি রেলগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার নানা পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনের কারণে মুলাডুলির একপাশের সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোবারক মুলাডুলির নিকড়হাটা গ্রামের ছামের হোসেনের ছেলে এবং তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত। গত ১৯ অক্টোবর এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটলেও অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কোমলমতি শিশুর ওপর এমন নৃশংসতার পর অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারে, তবে ঈশ্বরদী থানা ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ১৯ অক্টোবরের ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে সমঝোতা না হওয়ায় ২৭ অক্টোবর ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করে এবং মামলা নথিভুক্ত করা হয়। ইতিমধ্যে ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ওসি আরও উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে কিছু সময়ের জন্য আটকে রাখলেও পরে আবার ছেড়ে দেয়। বর্তমানে আসামি আত্মগোপনে রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।