সরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে চাকরিচ্যুতিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে পূর্বঘোষণা ছাড়াই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি উপস্থিতি নিবন্ধন, চিকিৎসাসেবার মান, হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সংরক্ষণ ব্যবস্থা এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের সেবার মান বাড়াতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এই প্রচেষ্টা সফল করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয় এবং সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।