জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশে সোলার ইনভার্টার উৎপাদনকে উৎসাহিত করতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সরকারি ভবনও এ উদ্যোগের আওতায় আনা হবে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে জনগণের মধ্যে এ প্রযুক্তি গ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও সম্প্রসারিত হবে।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ এবং ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা এবং এ খাতের অর্থনৈতিক সুফল তুলে ধরে। তাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের ব্যবহার বাড়বে, জ্বালানি ব্যয় কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া সৌরবিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থাপনায় উল্লেখ করা হয়, আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।