ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এই আয়োজনে তার সঙ্গে একই প্যানেলে থাকবেন ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) এ সংবাদ সম্মেলনের আয়োজন করছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, শেখ হাসিনা সরাসরি উপস্থিত না থেকে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেবেন। একই সঙ্গে প্যানেলে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার সম্ভাবনা এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে পারেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের মতামত তুলে ধরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার বক্তব্যের নির্দিষ্ট বিষয়বস্তু আগে থেকে প্রকাশ করা হয়নি।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার নীতিকে গুরুত্ব দিয়েই এই আয়োজন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এ অনুষ্ঠান নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অনলাইনে যুক্ত হয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর দীর্ঘ সময় তিনি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা আন্তর্জাতিক গণমাধ্যমের আয়োজনে অংশ নেননি। সেই বিবেচনায় এবারের সংবাদ সম্মেলনকে তার ক্ষমতা ছাড়ার পর প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রকাশ্য বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের একই মঞ্চে অংশগ্রহণ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনা তৈরি করতে পারে। একই সঙ্গে সাবেক ক্রিকেট অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের উপস্থিতিও সংবাদ সম্মেলনটিকে বিশেষভাবে আলোচনায় নিয়ে এসেছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।