
প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় রাজবাড়ী প্রধান ডাকঘরের সাত কর্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন প্রধান ডাকঘরের লেটার রাইটার মহবুবুর রহমান, সাবেক পোস্টাল অপারেটর নাজমুল হাসান, এমএলএসএস রেজাউল আলম, সাবেক পোস্টাল অপারেটর এসএম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল অপারেটর বিউটি রানী দাস ও নুরুল মাসুদ।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরের ১৩ কর্মকর্তা-কর্মচারী শতাধিক গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। গ্রাহকদের স্থায়ী আমানত করতে নিয়ে আসা টাকা নিয়ে রসিদ দেওয়া হলেও ডাকঘরের কোষাগারে জমা করা হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার গত ৩০ জুলাই রাজবাড়ী সদর আমলী আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
মঙ্গলবার মামলার ধার্য তারিখে ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের মামলায় হাজিরার দিন সাত আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, আসামিদের কঠোর শাস্তি ও আত্মসাৎ করা টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী শতাধিক গ্রাহক। তাঁরা বলেন, দীর্ঘদিনের কর্ষ্টাজিত টাকা হারিয়ে অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। পাঁচ মাস পেরিয়ে গেলেও টাকা ফেরত না পাওয়ায় তাঁদের সংসারে অশান্তি দেখা দিয়েছে। দ্রুত টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।