বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক আলোচনায় শুধু সাকিব আল হাসান-কে ঘিরে বাড়তি মনোযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি মনে করিয়ে দিয়েছেন, একই ধরনের পরিস্থিতিতে থাকা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাইমুর রহমান দুর্জয়-কেও আলোচনায় সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, গত এক-দুই বছর ধরে গণমাধ্যমে মূলত একজন ক্রিকেটারকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে, যা তিনি ভারসাম্যপূর্ণ মনে করেন না। তাঁর ভাষায়, “শুধু একজনকে কেন্দ্র করে প্রশ্ন না করে, একই বাস্তবতায় থাকা অন্যদের বিষয়েও সমানভাবে কথা বলা দরকার।”
সাকিবের দেশে ফেরা ও ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রসঙ্গে বিসিবির অবস্থান পরিষ্কার করে তামিম জানান, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে ক্রিকেটীয় দিক থেকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বোর্ড। তিনি বলেন, “ক্রিকেট বোর্ড হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকব। তারা সমস্যার সমাধান করে এলে আমরা স্বাগত জানাব।”
এদিকে আসন্ন বিসিবি নির্বাচন নিয়েও নিজের অবস্থান জানিয়ে তামিম বলেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগের কোনো চিন্তা তাঁর নেই বলেও স্পষ্ট করেন তিনি।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।