বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধে কার্যকর টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ উপায়। পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় চিকিৎসকরা জানান, হেপাটাইটিস ‘বি’ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওষুধ শুরু করা উচিত নয়। রোগীর অবস্থা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা, লিভার এনজাইম, আল্ট্রাসনোগ্রাম এবং ফাইব্রোস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস ‘বি’ আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মদ্যপান পরিহার করতে হবে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অন্য কোনো ওষুধ সেবন থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে শিশুদের হেপাটাইটিস প্রতিরোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, নবজাতক ও শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান নিশ্চিত করা হলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
চিকিৎসকরা আরও জানান, হেপাটাইটিস ‘বি’র টিকা বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃত। এই টিকা অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করে এবং কোটি কোটি মানুষের মধ্যে সফলভাবে প্রয়োগ করা হয়েছে।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে স্ক্রিনিং, সচেতনতামূলক র্যালি, সেমিনার এবং রোগী-স্বজনদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।