ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার রাজনীতিতে বিশ্বাসী। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের শাস্তা ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ ও ফলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের জবাবদিহিতা ও জনসেবায় বিশ্বাসী। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে ভোট দিয়েছে, সেই আস্থা ধরে রাখা নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ করাই দলের প্রধান লক্ষ্য। উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছেন।
তিনি বলেন, জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতা-কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির স্থান হবে না। এই এলাকা হবে শান্তির নীড় এবং ঢাকা-২ আসন হবে শান্তির ঠিকানা।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষ ভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।