ঢাকা–কক্সবাজার রুটে যাত্রীসেবার মান উন্নয়ন এবং ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা মোকাবিলায় চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নতুন ট্রেন চালু হলে এই রুটে যাত্রীদের টিকিট সংকট ও ভ্রমণজনিত চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (১ আগস্ট) কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রতিদিনই যাত্রীসংখ্যা বাড়ছে। সে কারণে রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি জানান, নতুন আন্তঃনগর ট্রেন চালুর মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময় সাশ্রয়ী হবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রীর চাপ কমে টিকিট পাওয়া তুলনামূলক সহজ হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা ও আধুনিক সেবা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পরিচালনাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।