রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে হেরোইনসহ মো. জাকির হোসেন (৫০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং একই ইউনিয়নের দক্ষিণ উজানচরের মইজুদ্দিন মণ্ডল পাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে।
শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লীর উত্তর অংশের লাল ভানুর গলির আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনের রাস্তা থেকে জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার (৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধির মাদকের সঙ্গে সম্পৃক্ততায় হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।