টানা বৃষ্টিপাতের কারণে রাজবাড়ীতে সব ধরনের সবজির বাজারে দাম বেড়েছে। নিচু জমিতে পানি জমে সবজি তোলা ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এতে করে এক লাফে প্রতি কেজিতে সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কাকরোল, ঢেঁড়স, বরবটি এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। প্রতি পিচ লাউ ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর মুখী ও কচুর লতি বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকা কেজিতে, যা দুই দিন আগেও ১০ টাকা কম ছিল। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে আলু ও পেঁপের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে — বিক্রি হচ্ছে ২০–২৫ টাকায়।
এদিকে পেঁয়াজের বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। গতকাল থেকে প্রতি কেজিতে ৩০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসঙ্গে সবজির দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ পড়েছেন বিপাকে। অনেকেই বলছেন, “এখন এক ঝুড়ি সবজি কিনতেই হাত গুনতে হচ্ছে।”
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার সবজি ক্ষেতগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে স্থানীয়ভাবে সবজি সংগ্রহ করা যাচ্ছে না। বাইরের জেলা থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।
স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে কয়েক দিনের মধ্যেই সবজি সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।