মাগুরা সদর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আকিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার ইছাখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকিদুল ইসলাম সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে গরু চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি আকিদুল ইসলামকে ধরে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগটি অস্বীকার করেছেন। তাদের দাবি, আকিদুল ইসলাম কোনো গরু চোর নন। তিনি ঢাকায় বসবাস করতেন এবং ঘটনার রাতে ঢাকা থেকে বাসে করে ইছাখাদা এলাকায় আসেন। পরিকল্পিতভাবে তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আকিদুল ইসলামের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের মাতম চলছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারীতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নিহতের বিরুদ্ধে থানায় আগে চুরির একটি মামলা ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।