ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ শিখর ধাওয়ান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তাঁর বাগদত্তা সোফি শাইনের সঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে ধাওয়ান লিখেছেন, “Almost Dhawans”—যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন উচ্ছ্বাস।
সোফি শাইন আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান Northern Trust Corporation–এ সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি গত এক বছরের বেশি সময় ধরে শিখর ধাওয়ান ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত আছেন। সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
দুবাইয়ে এক সামাজিক অনুষ্ঠানে পরিচয়ের সূত্র ধরেই ধাওয়ান ও সোফির সম্পর্কের শুরু। ২০২৩ সাল থেকে তাঁরা সম্পর্কে রয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে দুজনেই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর নিয়মিতই নিজেদের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ না হলেও জানা গেছে, দিল্লিতেই অনুষ্ঠিত হবে মূল আনুষ্ঠানিকতা। বিয়ের পর আবুধাবিতে সোফির বাসায় নতুন সংসার শুরু করবেন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ধাওয়ান।
এর আগে ২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জি–কে বিয়ে করেছিলেন ধাওয়ান। আয়েশার আগের সংসারের দুই কন্যা রিয়া ও আলিয়াকে নিয়ে ধুমধাম করেই হয়েছিল সেই বিয়ে। ২০১৪ সালে তাঁদের ঘরে জন্ম নেয় পুত্র জোরাবর।
তবে ২০২১ সাল থেকে আলাদা থাকার পর ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে জোরাবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে মায়ের সঙ্গেই থাকছে।
অতীতের সব টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনের পথে হাঁটছেন শিখর ধাওয়ান। ভক্তরা এখন অপেক্ষায়—কবে আনুষ্ঠানিকভাবে ‘ধাওয়ান’ পদবি যুক্ত হবে সোফির নামের সঙ্গে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।