ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের সাজে একটি ছবি পোস্ট করে আলোচনায় আসেন। ছবিতে দেখা যায়, হলুদের রঙে রাঙানো সাজে পাশাপাশি দুটি হাত। ক্যাপশনে লেখা ছিল—‘আলহামদুলিল্লাহ’। এতেই ভক্ত–অনুরাগীদের মধ্যে শুরু হয় বিয়ে নিয়ে জল্পনাকল্পনা।
ছবিটি প্রকাশের পর অনেকেই মন্তব্যে শুভকামনা জানান। কেউ কেউ আবার আক্ষেপ করে লিখেছেন, “মনটা ভেঙে গেল!” অনেকে ধরে নেন, হয়তো গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নাজনীন নীহা নিজেই। তিনি জানান, ছবিটি আসলে বাস্তব বিয়ের নয়, একটি ঈদের বিশেষ নাটকের দৃশ্য। নীহা বলেন, “গায়েহলুদের সাজে ছবি দেখে অনেকেই অনেক কিছু ভাবছেন। এটা আমাদের একটি ঈদ নাটকের শুটিংয়ের দৃশ্য।”
ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকে নীহার সহশিল্পী তৌসিফ মাহবুব। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা হাসিব হোসাইন, যিনি রাখি নামেও পরিচিত। যদিও নাটকের নাম এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
নীহা বলেন, “এখন নাটকের নাম বলা যাবে না। তবে আমার হাতের পাশের হাতটি তৌসিফ ভাইয়ের। ঈদের জন্য দারুণ একটি কাজ হবে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।”
বিয়ে গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “অভিনয়টা মন থেকে করি। যখন কোনো চরিত্রে কাজ করি, তখন বাস্তবের মতো করে উপস্থাপন করার চেষ্টা করি। তাই অনেক সময় দর্শক অভিনয়কে বাস্তব ভেবে নেন। এখন তো ভাবছি, যেদিন সত্যিকারের বিয়ের খবর দেব, মানুষ হয়তো সেটাকেও নাটক মনে করবে!”
এর আগে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহার জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁদের অভিনীত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকটি প্রায় ৯০ লাখের বেশি দর্শক দেখেছেন। এছাড়া ‘চুপকথা’ ও ‘অনুরাগ’সহ একাধিক রোমান্টিক নাটকে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন তারা।
সব মিলিয়ে একটি নাটকের দৃশ্য ঘিরে তৈরি হওয়া বিয়ে গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহলই বাড়িয়েছে। এখন অপেক্ষা ঈদে প্রচারিত সেই বিশেষ নাটকটির।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।