জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এতে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষকদের জন্য সার, ডিজেল ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা; পাটের লাভজনক মূল্য হিসেবে প্রতি মণ ৬ হাজার টাকা নির্ধারণ করা; প্রকৃত কৃষকদের কৃষি কার্ড প্রদান করা; সারের কালোবাজারি বন্ধ করা; গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু করা এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি সোলেমান আলী দলু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, কেন্দ্রীয় সদস্য ও বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) সুশীল দত্ত তাপস, নায়েব আলী মোল্লা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট আরব আলী, হযরত আলী, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম কাদের, মজিবুর রহমান, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুবনেতা মো. রফিকুল ইসলাম আরশাদ, রাশেদ উর রহমান রিপন, কৃষক সমিতির নেতা মো. করম আলী, মো. নাসির শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক কৃষকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বিশেষ করে সরকারি নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা সার পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।