বাংলা লোকসংগীতের কিংবদন্তি বাউল আব্দুল করিমের ১৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে স্মরণ ও লোকসংগীতের আয়োজন ‘লোক আসর’। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজবাড়ী সদরস্থ আরাম ঘর সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাম ঘর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি লিটন চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস সাবেক উপজেলা চেয়ারম্যান এবং প্রবীণ সাংবাদিক আবু মুসা বিশ্বাস ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শুভেচ্ছা বিনিময়, সভাপতির বক্তব্য ও বাউল আব্দুল করিমের জীবন ও সৃষ্টিকর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী। পরে ‘বাউল আব্দুল করিমের অনবদ্য সৃষ্টি এবং হাওর অঞ্চলের সংস্কৃতির সঙ্গে তাঁর মৌলিক সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাউল আব্দুল করিমের সংগীতজীবন, দর্শন ও হাওরাঞ্চলের লোকজ সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচক নীরব ইমতিয়াজ শান্ত।
এরপর আরাম ঘর সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সূচনা সংগীত। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘সাঁঝের জলযোগ’ পর্বে গানপূর্ব আলাপ ও আহারের আয়োজন করা হয়। এ পর্ব সঞ্চালনা করেন রেজাউল কবির স্বপন।
সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাউল আব্দুল করিমের গান পরিবেশনা। এতে রাজবাড়ীর সোহেল ভেড়ো ও পাপ্পু ফকির, কুষ্টিয়ার রাহুল আল মিন, ফরিদপুরের আরিয়ান শাহ, ব্যান্ড জলবাসর এবং বাউলাঝুড়ি লোকসংগীত দল অংশ নেয়।
আয়োজকরা বলেন, তাঁর গানের মধ্যে গ্রামীণ জীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম, বিরহ ও মানবিক দর্শনের গভীর প্রকাশ রয়েছে। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।