ঐতিহাসিক সোনারগাঁওয়ে আবাসিক এলাকা ও জনবসতির আশপাশে গড়ে ওঠা প্রায় ৫৬টি অবৈধ চুনা কারখানা নিয়ে ক্ষোভ বাড়ছে। এসব কারখানা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন। সংগঠনটির অভিযোগ, সংশ্লিষ্টদের নাম প্রকাশ্যে আসার পরও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশসহ সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, চুনা কারখানার ধোঁয়া ও দূষণের কারণে জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। পাশাপাশি এসব কারখানার কারণে মাটি, পানি ও আশপাশের প্রাকৃতিক পরিবেশেও বিরূপ প্রভাব পড়ছে।
বক্তারা অভিযোগ করেন, অবৈধ এসব কারখানা পরিচালনার পেছনে স্থানীয় প্রভাবশালী মহল এবং সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির মদদ রয়েছে। তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা ও বিভিন্ন পেশার ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে অবৈধ চুনা কারখানাগুলো দ্রুত বন্ধ, পরিবেশের ক্ষতি নিরূপণ, জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসনিকভাবে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা হবে।
মানববন্ধনে পরিবেশ রক্ষা আন্দোলনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার, শিপন চৌধুরী, রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন ও বিরুদ আলীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।