1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

পদ্মাবতী মুন্নি আক্তারের রং-তুলির অভিযাত্রা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৯ মোট পাঠক

পদ্মাকন্যা রাজবাড়ী জেলার রঙের রাজকন্যা চিত্রশিল্পী মুন্নি আক্তার। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ ও ভালোবাসা। রং-তুলির জগতে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। শিল্পের প্রতি তাঁর এই নিরন্তর সাধনা তাঁকে স্থানীয় গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরেও পরিচিত করে তুলেছে।

পদ্মাকন্যা রাজবাড়ীর মাটিতে বেড়ে ওঠা মুন্নি আক্তার শৈশব থেকেই ছবি আঁকার মধ্যে খুঁজে পেতেন আনন্দ ও আত্মতৃপ্তি। রং, রেখা ও ক্যানভাসের সঙ্গে তাঁর সেই শৈশবের সম্পর্কই ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পীসত্তার গভীর সাধনায়।

তাঁর শিল্পচর্চার হাতেখড়ি হয় রাজবাড়ীর ‘আলপনা আর্ট গ্যালারি’তে, জেলার বরেণ্য চিত্রশিল্পী গোলাম আলীর কাছে। পরবর্তীতে উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (UODA)-এর চারুকলা বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন।

শিল্পচর্চার পাশাপাশি পেশাগতভাবেও চারুকলার সঙ্গে যুক্ত রয়েছেন মুন্নি আক্তার। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বুলবুল ললিতকলা একাডেমিতেও শিক্ষকতা করেছেন তিনি।

২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাঁর শিল্পীজীবনের পথচলা। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বহু দলীয় চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। দেশের সীমানা পেরিয়ে ভারত, নেপাল ও ইতালিতে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক দলীয় চিত্রপ্রদর্শনীতেও তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।

শিল্পক্ষেত্রে বিভিন্ন অর্জনও রয়েছে মুন্নি আক্তারের। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সম্মাননা পাওয়ার গৌরব রয়েছে তাঁর। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন শিল্প-সংস্কৃতি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

নিজের শিল্পভাবনা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতে গিয়ে মুন্নি আক্তার বলেন, “রং-তুলি আমার অনুভূতির ভাষা, আমার স্বপ্নের ক্যানভাস। শৈশব থেকেই রঙের ভেতর আমি খুঁজে পেয়েছি আমার আনন্দ, আমার পৃথিবী। একটি রেখা, একটি রং কিংবা একটি তুলির আঁচড়ের মধ্যেও আমি মানুষের জীবন, প্রকৃতি ও মাটির গল্প বলতে চাই। পদ্মার পাড়ের ছোট্ট জনপদ থেকে যে স্বপ্নের যাত্রা শুরু করেছি, তা একদিন বিশ্বদিগন্তে পৌঁছে দিতে চাই। পাশাপাশি তরুণ প্রজন্মকে চিত্রশিল্পের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করারও পরিকল্পনা রয়েছে।

রাজবাড়ীর এই তরুণ চিত্রশিল্পীর সাফল্যে গর্বিত স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, আগামী দিনে মুন্নি আক্তার আরও অধিক পরিসরে দেশের শিল্পকলাকে প্রতিনিধিত্ব করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।