
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুকসুদপুর কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিঞা এবং দিকনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান লিটু মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, গুরুত্ব ও গভীর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন,
“১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভূতপূর্ব বিপ্লব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সর্বস্তরের জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার কোন বিকল্প নাই।
অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক জনতা একাট্টা হয়েছে। বর্তমানেও গণতন্ত্র পুনর্গঠন ও স্বাবলম্বী বাংলাদেশ নির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেন। গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক নান্দনিক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের আনন্দ যোগায়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।