রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাগমারা ও মেঘনা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাগমারা গ্রামের সালেক প্রামাণিকের ছেলে সাইফুল প্রামাণিক (২০), আমজাদ প্রামাণিকের ছেলে ইরান প্রামাণিক (২২) ও ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে রাব্বি হোসেন (২২)। অন্য দুজন হলেন মেঘনা উত্তরপাড়া গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০) এবং রাজু শেখের ছেলে সুহান ওরফে সোহান শেখ (২৩)।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধার আগে উপজেলার বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে গ্রেপ্তারকৃত পাঁচজন অংশ নিয়েছিলেন বলে পুলিশ বলছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় করা হয়েছে। মামলা নম্বর ৫ এবং জিআর নম্বর ১৯৬/২৫।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া বিগত সরকারের আমলে তাঁরা অবৈধভাবে প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।