মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা ও কালিগঙ্গা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের শত শত বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, গ্রামীণ কাঁচা রাস্তা ও বেশ কিছু বসতভিটা। চোখের সামনে নিজেদের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন নদীপাড়ের মানুষ। মাথা গোঁজার ঠাঁই আর আয়ের একমাত্র উৎস কৃষিজমি হারিয়ে চরাঞ্চলের শত শত পরিবার এখন চরম দিশেহারা হয়ে পড়েছেন।
ঝুঁকিতে কালকাপুর মাদ্রাসা ও বৈট্টা প্রাথমিক বিদ্যালয়
সরেজমিনে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে চরম ঝুঁকিতে রয়েছে কালকাপুর শুকুরিয়া আলিয়া মাদ্রাসা। এছাড়া সদর চকমিরপুর, জিয়নপুর,খলসী,বাঘুটিয়া,
চরকাটারী ও বাচামারা ইউনিয়নের বিভিন্ন জনপদ এখন যমুনার গ্রাসে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে, ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরানোর সুযোগটুকুও পাচ্ছেন না চরাঞ্চলের অসহায় মানুষ।
অপরদিকে, জিয়নেরপুর ও খলসী ইউনিয়নে আবাদী জমি ও বসতভিটা গ্রাস করছে প্রমত্তা কালিগঙ্গা নদী। তীব্র ভাঙনের মুখে পড়েছে জিয়নপুর ইউনিয়নের বৈট্টা ৮৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলিম উদ্বেগ প্রকাশ করে বলেন:
”এই স্কুলটি অত্যন্ত নামকরা এবং এলাকার শিক্ষার আলো ছড়াচ্ছে। কিন্তু বর্তমানে নদীর ভাঙন খুবই তীব্র। যেকোনো মুহূর্তে স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। একে বাঁচাতে দ্রুত পদক্ষেপ দরকার।”
”ত্রাণ চাই না, স্থায়ী বাঁধ চাই” — ক্ষুব্ধ এলাকাবাসী
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা মমিন আক্ষেপ করে বলেন, “আমাদের ঘর-বাড়ি সব নদীতে নিয়ে গেল। অথচ এখানে সময়মতো কেউ একটা জিও ব্যাগও ফেললো না। আমাদের খবর কেউ রাখে না।”
ভাঙনকবলিত এলাকার আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর ভাঙন শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলে সাময়িক চেষ্টা চালানো হয়। কিন্তু নদী শাসনের জন্য কোনো স্থায়ী বেড়িবাঁধ বা দীর্ঘমেয়াদী টেকসই পদক্ষেপ নেওয়া হয় না। ফলে প্রতি বছরই দৌলতপুরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা, আর পরিবারগুলো রাতারাতি নিঃস্ব হয়ে পড়ছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী মানুষের স্পষ্ট দাবি— তারা কোনো সাময়িক ত্রাণ চান না, তারা চান ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ।
প্রশাসনের বক্তব্য ও আশ্বাস
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেন জানান:
”আমরা ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকার তালিকা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) পাঠিয়েছি। এছাড়া নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”নদীতীরবর্তী অসহায় মানুষগুলোর জানমাল রক্ষা এবং বিশেষ করে ঝুঁকিতে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, আর কোনো আশ্বাস বা ঢিলেমি নয়, দ্রুত যেন মাঠপর্যায়ে স্থায়ী বাঁধের কাজ শুরু করা হয়।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।