
হবিগঞ্জে প্রায় প্রায় দেড় মণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত কভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়।
আজ শুক্রবার বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৯। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেঢতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার বাড়ি গ্রামের গেদু মিয়ার ছেলে মো. হাসান মিয়া (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পাংখার চর গ্রামের মৃত হানেফ সর্দারের ছেলে রাকিব সর্দার (২৩) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মোছাব্বির মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সুশান্ত ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার জগদীশপুর এলাকা থেকে একটি কভার্ড ভ্যানে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর দলটি রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টেডিয়ামপাড়ার পশ্চিম পাশে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক কভার্ড ভ্যানটিকে থামার সংকেত দিলে চালকসহ তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করে।
পরে কভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩০টি কার্টনের ভেতর থেকে ৩৬টি পোটলায় মোড়ানো মোট ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে,এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।