রাজবাড়ীর পাংশায় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা উপজেলার বকশিপুর ও নারায়ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটসহ মো. জিল্লুর রহমান (৩৭) ও বিলকিস বেগমকে (৩৮) হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক জিল্লুর রহমান পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। অপরদিকে বিলকিস বেগম একই উপজেলার বকশিপুর গ্রামের আব্দুল রব মণ্ডলের স্ত্রী এবং আঃ সাত্তার মণ্ডলের মেয়ে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।