অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনীতে দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং পাঁচজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি।
তিনি বলেন, আমাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সার্বিক শিক্ষার মতই স্বাস্থ্য বিষয়ে জ্ঞানার্জণ করতে হবে। খাদ্যাভ্যাস পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব হোসেন, ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন শিবলু, কানাডা বিএনপি (পশ্চিম) সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অরুপ চন্দ প্রমুখ ।
মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি চলাচলে অক্ষম পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিনামূল্যে পাঁচটি হুইলচেয়ার এবং ১টি ওয়াকার তুলে দেন অতিথিরা।
ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়া জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করা ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
তিনি বলেন, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দায়বদ্ধতা, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।