মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ড এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি মো. গিয়াস উদ্দিন (৪৫)। তিনি জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ পৌছালে তাদের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।