কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী লিটন আহমেদ আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। এর আগে ১২ এপ্রিল তিনি ঢাকার জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন, যাতে কারাবন্দী সুমনের মনোনয়ন ফরমে স্বাক্ষরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
রিট আবেদনে বলা হয়েছে, জেলা প্রশাসকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া আইনগত কর্তৃত্বের পরিপন্থী কি না—সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুমনের মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ দিতে জেলা প্রশাসকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র গ্রহণের জন্য বার কাউন্সিলের প্রতিও নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
রিটে আইনসচিব, বার কাউন্সিলের সচিব এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। জানা গেছে, আগামী ১৯ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল।
আইনজীবী লিটন আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী হতে হলে মনোনয়ন ফরমে সুমনের স্বাক্ষর অপরিহার্য। কিন্তু কারাবন্দী থাকায় তিনি নিজে স্বাক্ষর করতে পারছেন না। এ পরিস্থিতিতে প্রশাসনিক সহায়তা চেয়ে আবেদন করা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আদালতে রিট করতে বাধ্য হন তারা। রিটটি শুনানির জন্য শিগগিরই আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ব্যারিস্টার সুমনও রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।