রাজধানীতে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা করে বাজারে অস্থিতিশীলতা রোধে কঠোর বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কোনোভাবেই সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষকে জিম্মি হতে দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জ্বালানির দাম বাড়লেও তার সরাসরি প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সম্ভাব্য মূল্যস্ফীতির প্রভাব যাতে নিম্নআয়ের মানুষের ওপর না পড়ে, সে জন্য সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি জোরদার করবে বলেও জানান।
মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং উৎসবকেন্দ্রিক ট্রাকসেলের মতো উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, আমদানিকৃত পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ ঠিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি।
বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।