রাজবাড়ী জেলায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা আজ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের এ ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জেলার মোট ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট দেশের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা—এই তিন ধাপ পেরিয়ে সেরা দলগুলো ফাইনালে অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে রাজবাড়ী সদর উপজেলার কিশোলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালুখালী উপজেলার আলহাজ্ব আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আলহাজ্ব আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক বিভাগে পাংশা উপজেলার কসবা মাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালন্দ নোলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে গোয়ালন্দ নোলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ জয়ের মাধ্যমে দলটি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সামিয়া, আলহাজ্ব আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক , জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, কালুখালী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিনসহ শিক্ষক ও সুধীজন।
এ সময় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা অর্জন করে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করে।” তারা আরও আশা প্রকাশ করেন, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী দল রাজবাড়ী জেলার সুনাম অক্ষুণ্ণ রেখে জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।