রাজধানীর আদাবর এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিল্লাল ওরফে ‘ভাইস্তা বিল্লাল’ দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে থাকা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে তিনি প্রধান আসামি। এছাড়া মোহাম্মদপুর ও আদাবর থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিল্লাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত হয়ে ওঠেন। তার নেতৃত্বে ৮ থেকে ১০ জন সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক কারবার, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেপ্তারের পর বিল্লালকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।