ব্রাজিলিয়ান ক্লাব Santos FC-এর অনুশীলনে অপ্রত্যাশিত এক ঘটনায় আবারও আলোচনায় এসেছেন তারকা ফুটবলার Neymar Jr.। ক্লাবের ট্রেনিং গ্রাউন্ড CT Rei Pelé-তে অনুশীলনের সময় তরুণ সতীর্থ রবসন ডি সুজা জুনিয়রের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা শারীরিক সংঘর্ষে রূপ নেয়।
ব্রাজিলীয় গণমাধ্যম O Globo-এর খবরে বলা হয়েছে, যারা সাম্প্রতিক ম্যাচে খেলেননি তাদের নিয়ে আলাদা সেশন চলছিল। সেই সময় ১৮ বছর বয়সী রবসন, যিনি সাবেক তারকা Robinho-এর ছেলে, অনুশীলনে নেইমারকে ড্রিবল করে এগিয়ে যান। বিষয়টি সহজভাবে নিতে না পেরে নেইমার তাকে ধীরগতিতে খেলার পরামর্শ দেন।
একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, নেইমার প্রথমে পা লাগিয়ে ফেলে দেন তরুণ খেলোয়াড়কে এবং পরে চড় মারেন। এতে অনুশীলন মাঠে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পরপরই রবসনের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি Santos FC।
তবে ঘটনার কিছু সময় পর নিজের আচরণের জন্য অনুতপ্ত হন নেইমার। তিনি ড্রেসিংরুমে গিয়ে রবসনের সঙ্গে কথা বলেন, হাত মেলান এবং দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সামনের ম্যাচগুলো নেইমারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে ক্লাব পর্যায়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।