৩৭ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে একটি দোতলা একাডেমিক ভবন। কিন্তু দোতলায় ওঠার কোনো সিঁড়িই নেই। ফলে চার বছর ধরে পুরো দোতলা পড়ে আছে অব্যবহৃত। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর প্রতিবেদন।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির একাডেমিক ভবনের দোতলা চার বছর ধরে একেবারে অব্যবহৃত পড়ে আছে। কারণ অদ্ভুত হলেও সত্য — দোতলায় ওঠার কোনো সিঁড়িই নির্মাণ করা হয়নি। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের দোতলায় পৌঁছানোর কোনো পথ নেই।
জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কয়েক দফায় পাওয়া মোট ৩৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। কিন্তু দোতলায় উঠতে না পারায় কক্ষ সংকটে পড়েছে বিদ্যালয়টি। বাধ্য হয়ে নিচতলার মাত্র দুটি কক্ষে বাঁশের চাঁটাইয়ের বেড়া দিয়ে অস্থায়ীভাবে চারটি কক্ষ তৈরি করা হয়েছে। এই সংকীর্ণ পরিবেশে গাদাগাদি করে বসে পাঠ নিচ্ছে চারটি শ্রেণির শিক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
সিঁড়ি নির্মাণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছেন। কিন্তু কোনো সমাধান মেলেনি। আর জেলা পরিষদের প্রকৌশলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা — কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী অফিসার জানালেন দ্রুতই সিড়ি নির্মানের ব্যবস্থা করা হবে।
৩৭ লাখ টাকার একটি ভবন — যেখানে ওঠার রাস্তাই নেই। চার বছর ধরে অব্যবহৃত একটি দোতলা — যেখানে হতে পারত শিক্ষার্থীদের কলকাকলি। দ্রুত সিঁড়ি নির্মাণ করে শ্রেণিকক্ষ সংকটের সমাধান করার দাবি এখন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সকলের।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।