সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান দিন শেষ করেছে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে। জয়ের জন্য সফরকারীদের এখনও প্রয়োজন ১২১ রান, হাতে আছে মাত্র ৩ উইকেট। ফলে পঞ্চম দিনের শুরুতেই ম্যাচ নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখছে টাইগাররা।
মঙ্গলবার দিনের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করে বাংলাদেশি বোলাররা। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ১০.২ ওভারে ৬ রান করে আউট হন আব্দুল্লাহ ফজল। এরপর আজান আওয়াইসও ফেরেন ২১ রান করে। মাত্র ৪১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
তবে সেখান থেকে প্রতিরোধ গড়েন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন। তাদের ৯২ রানের জুটি কিছুটা স্বস্তি ফেরায় পাকিস্তান শিবিরে। বাবর ৪৭ রান করে তাইজুল ইসলামের শিকার হন।
এরপর সৌদ শাকিলও বেশিক্ষণ টিকতে পারেননি। নাহিদ রানার গতির সামনে ৬ রান করেই উইকেট দেন তিনি। কিছুক্ষণ পর ৭১ রান করা শান মাসুদকেও ফিরিয়ে দেন তাইজুল। ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে তখন আবারও চাপে পড়ে পাকিস্তান।
তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা মিলে বড় জুটি গড়ে লড়াইয়ে ফেরান দলকে। দুজনের ১৩৪ রানের জুটি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম সেই জুটি ভাঙেন। ৭১ রান করা সালমান আগা বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
দিনের শেষ দিকে হাসান আলীকেও ফেরায় বাংলাদেশ। এরপর সাজিদ খানকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন রিজওয়ান। তিনি অপরাজিত আছেন ৭৫ রানে, আর সাজিদ খানের সংগ্রহ ৮ রান।
বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। তিনি তুলে নিয়েছেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া নাহিদ রানা পেয়েছেন ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করলে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য।
এখন সবকিছু ঠিক থাকলে পঞ্চম দিনের সকালেই ঐতিহাসিক এক জয় তুলে নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।