1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৬ মোট পাঠক

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটির পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি হাসপাতালের নতুন ভবনের ১৪ তলায় মাদকসেবীদের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ ও প্রমাণ সামনে আসায় রোগী ও স্বজনদের উদ্বেগ আরও বেড়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল ভবনের ১৪ তলার কিছু নির্জন স্থানে নিয়মিতভাবে একদল ব্যক্তি জড়ো হয়ে মাদক সেবন করে। দিনের বেলায় তুলনামূলক কম দেখা গেলেও সন্ধ্যা ও রাতের দিকে সেখানে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। সেখানে সিগারেটের অবশিষ্টাংশ, পানির বোতল, প্লাস্টিকের কাপ, মাদক তথা গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ অন্যান্য বর্জ্য পড়ে রয়েছে দেখা যায় বলে অভিযোগ করেছেন কয়েকজন স্বজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের বিভিন্ন তলায় রোগী দেখতে যাওয়া-আসার সময় কিছু যুবককে আড্ডা দিতে দেখা যায়। তাদের আচরণ অনেক সময় অস্বাভাবিক মনে হয়। হাসপাতালের মতো জায়গায় এমন পরিবেশ রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তার হুমকি বেড়েছে। মাঝে মধ্যেই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনাও।
আরেক স্বজন বলেন, রাতে রোগীর পাশে থাকতে হয়। তখন হাসপাতালের কিছু অংশে নিরাপত্তাহীনতা অনুভব করি। প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার।হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী অভিযোগ করেন, কিছু ওয়ার্ডে শৌচাগারের পরিবেশও সন্তোষজনক নয়। পর্যাপ্ত পরিচ্ছন্নতা না থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা এ সমস্যায় বেশি পড়েন। চিকিৎসা নিতে এসে অনেক সময় পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় না। করিডোরে ময়লা পড়ে থাকতে দেখা যায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন।
শুধু মাদকের অভিযোগই নয়, হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অসংখ্য অভিযোগ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে, সিঁড়ির কোণে, করিডোরে এবং ভবনের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও ব্যবহৃত খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল, পানির কাপ এবং অন্যান্য বর্জ্য থেকেও দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্পষ্টই বোঝা যায় যে, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর সংকট অথবা তারা নিয়মিত কাজ করেন না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের অভিযোগের তালিকায় রয়েছে দীর্ঘ সময় অপেক্ষা, রোগীর চাপের কারণে শয্যা সংকট, করিডোরে রোগী রেখে চিকিৎসা দেওয়া, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং বিভিন্ন পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়ও। অনেক রোগী বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক রোগী হাসপাতালে এলেও সেই তুলনায় সুযোগ-সুবিধা বাড়েনি।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু জেলার নয়, বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। তাই হাসপাতালে চিকিৎসার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা বলেন, হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আড্ডার অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দুর্বলতাগুলোও দ্রুত সমাধান করা প্রয়োজন।

সচেতন মহল মনে করে, হাসপাতালের বিভিন্ন তলায় নিয়মিত নিরাপত্তা টহল, সিসিটিভি ক্যামেরার কার্যকর ব্যবহার এবং দর্শনার্থীদের চলাচলে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের ১৪ তলায় মাদকসেবীদের আড্ডার অভিযোগ অস্বীকার করার মতো না । তবে এ ধরনের কোনো ঘটনা আমাদের চোখের আড়ালে হয়ে থাকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে । পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নের জন্যও হাসপাতাল প্রশাসন কাজ করছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ বক্সের এএসআই হানিফ বলেন, হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। মাদক সেবনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে। কিছু লােকাল লোকজন এই নেশার কার্যক্রম করে থাকে । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। অনেকের জন্য এটি উন্নত চিকিৎসা পাওয়ার শেষ ভরসা। কিন্তু হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনার স্তুপ, শৌচাগারের দুরবস্থা এবং বিভিন্ন সেবাগত সীমাবদ্ধতা রোগী ও স্বজনদের হতাশ করছে।

রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালকে শুধু চিকিৎসা প্রদানের কেন্দ্র হিসেবে নয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য মাদকবিরোধী কঠোর নজরদারি, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, রোগীবান্ধব ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025

এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও

অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।