রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন বিএনপির সাবেক নেতা হারুন অর রশিদ কালাম। শুক্রবার বিকেলে ইউনিয়নজুড়ে কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে বিশাল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সরিষা বাজার থেকে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সরিষা বাজারে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা চলাকালে হারুন অর রশিদ কালামের সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান।
সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “হারুন অর রশিদ কালাম একজন উচ্চশিক্ষিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তার পরিবারের রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, “কালাম একজন অসাম্প্রদায়িক ও উদার মানসিকতার মানুষ। সকল ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে পারেন। এজন্য ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা কিরণ চন্দ্র সেন বলেন, “হারুন অর রশিদ কালামের বড় ভাই মরহুম আব্দুস সালাম ছিলেন এ ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান। তার সঙ্গে আমরা দীর্ঘদিন রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম। কালামও একজন সৎ, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি চেয়ারম্যান হলে সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।”
চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ কালাম বলেন, “আমার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সেবা করে আসছে। আমার বাবা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং আমার মেজ ভাই মরহুম আব্দুস সালাম টানা আট বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি নিজেও দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি।”
তিনি বলেন, “ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের সেই আহ্বান ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি সরিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি।”
নির্বাচিত হলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি একটি আদর্শ, আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই। যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত সরিষা ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।