সৈয়দ মনির আহমদ, ফেনী :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে দুর্নীতি হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। অতীত নিয়ে বলে লাভ নেই। ভবিষ্যতে অনিয়ম ও লুটপাটের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।
রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ও সংসদীয় আসনে এটিই তার প্রথম সরকারি সফর।
ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরের দূষণের মাত্রা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন অপরিহার্য। পেছনের কাউকে দোষ দিয়ে লাভ নেই, দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব।
সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলনের ব্যপারে মন্ত্রী বলেন, রাস্তাঘাট ও পরিবেশের ক্ষতি হয় এ জন্য বালু উত্তোলন এবং পরিবহন বন্ধ।
ইটভাটার দূষণ প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু জানান, মাটি পোড়ানো ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হওয়া এক-দুই বছরে সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ বিষয়। তবে পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে আমাদের ব্লক ইটের দিকে যেতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।