মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতাকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।
সোমবার (০৩ আগস্ট) উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে অভিযুক্ত ধর্ষনকারীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের পক্ষের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন মিলশ্রমিক জুলহাস। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হিজুলী এলাকায়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত রবিবার শিশুটিকে ধর্ষণ করেন। এর আগেও ৫-৬বার একইভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে শিশুটি জানিয়েছে। অভিযুক্ত সৎ বাবার হুমকির কারণে মেয়েটি এতদিন বিষয়টি গোপন রেখেছিল।
সোমবার (০৩ আগস্ট) সকালে শিশুটি কান্নাকাটি করে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানতে পেরে মা তার মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। চেয়ারম্যান ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘিওর থানা পুলিশকে অবহিত করেন।
বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে জানান।”
শিশুটির মা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, তার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণেই মেয়েটি এতোদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত জুলহাসকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।