রাজবাড়ী সদর উপজেলা বানীবহ,শিবরামপুর, করবাড়ি এলাকায় শত বছরের ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শ্যামা পূজা ও কালীপূজা। তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ১০০ বছর ধরে ধারাবাহিকভাবে এই পূজা ও সাংস্কৃতিক আয়োজন চলে আসছে। পূর্বপুরুষ ও ঠাকুরদার আমল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আসছেন স্থানীয়রা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লোকসংগীতশিল্পী সুকুমার বাউল ও সোহেল ভেড়ো। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন লোকজ সংগীতের আবহ।
আয়োজনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্নেহ মুকুল কর এবং সাধারণ সম্পাদক গৌতম কর।
আয়োজক মুক্তি কর বলেন, এই আয়োজন আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির অংশ। আগামী বছরগুলোতেও ধারাবাহিকভাবে এ আয়োজন করা হবে। তিনি রাজবাড়ী জেলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, শত বছরের এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য আগামী প্রজন্মের মধ্যেও বেঁচে থাকবে এবং মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনবন্ধন আরও সুদৃঢ় করবে।
© All rights reserved Rajbari Express © 2025
এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও
অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।